রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (রমেক) পরিচালকের পিএস রুহুল আমিন দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। নগরীর আর কে রোড এলাকায় রবিবার সকালে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, রুহুল আমিন ১৯৮১ সালে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন। এছাড়া তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের বাহাই কেন্দ্রের কেয়ার টেয়ার।
এই ঘটনায় জড়িত সন্দেহে রায়হান ও নয়ন নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেন।
আহত রুহুল আমিনের স্ত্রী সাইফুন নাহার রেবা জানান, রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তার স্বামী বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার সময় অজ্ঞাতনামা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে। তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এসে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মহাখালীতে জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, তিনজন তার ওপর হামলা চালায়। একজন একটি মোটরসাইকেল নিয়ে তার বাড়ির কাছে দাঁড়িয়েছিল। বাকি দুইজনের হাতে পিস্তল ছিল। তারা রুহুল আমিনকে লক্ষ্য করে পর পর দু রাউন্ড গুলি করে। একটি গুলি তার বুকে লাগে।
রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক জানান, দুবৃর্ত্তরা কী কারণে তাকে গুলি করে হত্যা করতে চেয়েছিল তা জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
/জেবি/এফএস/