সদর আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ী বহরে হামলা ও পাঁচ ব্যক্তি হত্যার মামলায় আজ ৬২ বিএনপি নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। পলাতক আসামিরা আজ বুধবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাহারা আখতার ভুঁইয়ার আদালতে আত্মসমর্পণ করে আইনজীবির মাধ্যমে জামিন চান। আদালত জামিন না-মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠায়।
গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ আলী, লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, টুপামারী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান রয়েছেন। আসামি পক্ষের আইনজীবি মিজানুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, বিএনপি দলীয় ৬২ জনের অনেকেই বৃদ্ধ। এদের মধ্যে ১৫৯ ও ১৬৬ নম্বর আসামি সিদ্দিক মোল্লা (৯০), আজিজ পাইকার (৮০)পঙ্গু।
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, ২০১৩ সালের ১৪ ডিসেম্বরের সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ওই ঘটনায় কৃষক লীগ নেতা খুরশেদ আলম, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, ছাত্রলীগ নেতা মুরাদ হোসেন আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া ও পথচারী সিদ্দিক গাজীসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় ২১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করা হয়।
আদালতের ২৭৬/১৩ জিআর মামলায় পুলিশ কর্তৃক ৬০ জামায়াত শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয় এবং ৫৯ জন আদালতের মাধ্যমে আত্মসর্মপণ করেন।
আরও ৯৮ আসামির মধ্যে আজ বুধবার ৬২ বিএনপি নেতাকর্মী আদালতে আত্মসর্মপণ করায় আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
সূত্র মতে, এই মামলায় এখনও চার্জশিটভুক্ত ৩৬ আসামি পলাতক রয়েছেন।
/এসএস/