ছাগল মারার অভিযোগে পিটিয়ে হত্যা

capai nobabgong

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাগল মেরে ফেলার অভিযোগ কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার দূর্লভপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই ) শহিদুল ইসলাম।

তিনি জানান, উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ডাকাতপাড়া গ্রামের এক ভুট্টা ক্ষেতে একটি মৃত ছাগল পাওয়া যায়। ছাগলটির মালিক হুমায়ন কবির অভিযোগ করেন, মুনসুর তার ছাগল মেরে ফেলেছে।

এ নিয়ে দুই পক্ষ মঙ্গলবার রাতে সালিশে বসে। এ সময় মুনসুর ও তার পক্ষ বিষয়টি অস্বীকার করলে হুমায়নের ছেলে পারুল, জিয়ারুলসহ কয়েকজন তাদের উপর হামলা চালায়।

গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় মুনসুর। এ সময় আহত হয় আতাউর, আনিসুর ও তোজাম্মেলসহ আরও তিনজন।

এসআই শহিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

/এআই /এসএস/