কক্সবাজার পৌর মেয়র সরওয়ার কামাল বহিষ্কার

কক্সবাজারকক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামালকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব খলিলুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিষ্কার করা হয়।

কক্সবাজারের একটি আদালতে ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় তাকে বহিষ্কার করা হয় বলে আদেশে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে পৌর প্যানেল মেয়র-১ মো. জিসান উদ্দিনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হওয়া নেতাদের মুক্তির দাবিতে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল ‘আল্লামা সাঈদী মুক্তি পরিষদ’। ওই মিছিলে পুলিশ গুলি চালায়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে সহিংসতায় তিন জনের মৃত্যু হয় এবং অন্তত ২০০ জন আহত হন।  

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দায়ের করা তিন মামলায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পৌর মেয়র সরওয়ার কামালকেও আসামি করা হয়। সম্প্রতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অন্যদের সঙ্গে মেয়র সরওয়ার কামালকেও অভিযুক্ত করে মামলার চার্জশিট আদালতে দাখিল করে। গত ১২ নভেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদার এই মামলায় চার্জ গঠন করেন।

/এএ/এফএস/