শনিবার ভোর রাতে সাভারের হেমায়েতপুরের নিশিপাড়া এলাকায় খাজা ক্যাবল কারখানায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতের হামলায় পাঁচ জন আহত হয়েছে।
আহতরা হলেন, কারখানা পরিচালক রেজোয়ানুর রহমান, শামীম, হাসান, নাজমুল ও নজরুল।
কারখানার আহত নিরাপত্তাকর্মীরা বলেন, হেমায়েতপুরে খাজা কেবল কারখানার নিরাপত্তা কর্মী রুমানের কাছে শনিবার রাতে তার দুই বন্ধু বেড়াতে আসে। পরে ভোর ৪টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে রুমান ও তার দুই বন্ধুসহ আরও ১৫-১৭ জনের এক দল ডাকাত একটি কাভার্ড ভ্যান নিয়ে কারখানার ভেতরে ঢোকে। পরে কিছু বুঝে ওঠার আগেই ডাকাতদলের সদস্যরা কারখানার পরিচালক ও ৩ নিরাপত্তা কর্মীসহ বাবুর্চিকে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা তাদের হাত-পা ও চোখ বেঁধে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা এবং ৪৫ লাখ টাকার কেবল ও কেবল তৈরির কাঁচামাল কাভার্ড ভ্যানে করে নিয়ে পালিয়ে যায়। রবিবার সকালে কারখানায় কর্মরত অন্য শ্রমিকরা এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি এস এম কামরুজ্জামান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় নিরাপত্তাকর্মীর চাকুরি নিয়ে একটি পোশাক কারখানায় ডাকাতির ঘটনা ঘটে।
/জেবি/টিএন/