নিখোঁজ শিশুর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

বগুড়াবগুড়ায় নিখোঁজের পাঁচদিন পর রিপন মিয়া (১২) নামে এক শিশুর ক্ষত-বিক্ষত লাশ পাওয়া গেছে। রবিবার দুপুরে পুলিশ শহরতলির চাঁদপুর গ্রামের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শেয়াল অথবা কুকুর শিশুটির হাত-পায়ের বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে।

সদর থানার ওসি (তদন্ত)আসলাম আলী জানান,বগুড়া সদরের বারপুর মধ্যপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে রিপন অভাবের কারণে রঙমিস্ত্রির হেলপারের কাজ করত। গত ১০ নভেম্বর রাত ১০টার পর সে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। পাঁচদিন পর রবিবার বেলা ২টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে চাঁদপুর গ্রামের একটি জঙ্গলে রিপনের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া যায়। এক কাঠুরে জঙ্গলে গাছ কাটতে গিয়ে লাশ দেখতে পান। পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এলাকাবাসীর ধারণা,নিখোঁজের রাতে শিশুটিকে হত্যা করে জঙ্গলে ফেলে দেওয়া হয়।

আসলাম আলী আরও জানান, শেয়াল বা কুকুর লাশের হাত-পাসহ বিভিন্ন অংশ খেয়ে ফেলেছে। এছাড়া লাশ পঁচে যাওয়ায় তাকে কীভাবে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি।

/জেবি/এসএস/