গাইবান্ধায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী খুন

Gaibandhaগাইবান্ধার সাদুল্লাপুরে রবিউল ইসলাম (৩৮) নামে সম্ভাব্য এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীকে খুন করা হয়েছে। গত শনিবার (২৮ নভেম্বর) তিনি নিখোঁজ হন। পরে মঙ্গলবার সকালে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া এলাকায় একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।নিহত রবিউল ইসলামের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে। তিনি গত পাঁচ বছর ধরে রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে নানার বাড়িতে থাকতেন। সেই সূত্রে তিনি রামনাথপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় পোস্টার, ফেস্টুন ও ব্যানার লাগিয়ে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় প্রচারণা শুরু করেছিলেন।
স্থানীয়রা জানান, এলাকায় দানশীল ও ভালো মানুষ হিসেবে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল।ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান, এলাকাবাসী মঙ্গলবার সকালে গিঙগারপাড়া এলাকায় একটি ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠান।
নিহতের স্ত্রী রিনা বেগম জানান, প্রতিদিনের মতো গত শনিবার সকালে রবিউল ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর ওই দিন রাতে আর বাড়িতে ফিরে আসেননি। বিভিন্ন স্থানে তাকে খোঁজ করে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, নিহত রবিউল ইসলামের ডান হাতে জখমের চিহ্ন ও অঙ্গকোষ থেতলানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এআর/এসটি/