স্কুলের দুইতলা ভবনের ছাদের কার্নিশ ঘেঁষে ২৫টি মৌচাক বাঁধছে মৌমাছিরা। ফলে ওই ভবনেই ঢুকতে পারছে না শিক্ষক ও শিক্ষার্থীরা। এ অবস্থায় বিদ্যালয়ের খেলার মাঠে ক্লাস চালাতে বাধ্য হচ্ছেন তারা।
স্কুলের চারপাশ জুড়ে রয়েছে সরিষা ক্ষেত। সরিষা ফুলে আকৃষ্ট মৌমাছিরা ওই এলাকায় বড় কোনও গাছের সন্ধান না পেয়ে স্কুল ভবনের কার্নিশেই মৌচাকগুলো তৈরি করেছে।
এদিকে, এ খবর ছড়িয়ে পড়ায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক লোকজন মৌচাক দেখতে প্রতিদিন ওই স্কুলে ভিড় জমাচ্ছেন।
স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, মৌমাছি সব সময় উঁচু জায়গায় চাক তৈরি করে। কিন্তু এই এলাকায় তেমন কোনও বড় গাছ না থাকায় স্কুলের দুই তলা ভবনের ছাদের কার্নিশে মৌচাক তৈরি করেছে।
তিনি আরও জানান, এ ভবনে প্রতি বছরই ৩/৪টি মৌচাক দেখা যায়। কিন্তু এ বছরই প্রথম এত মৌচাক দেখছেন তিনি। এ কারণে শিক্ষার্থীরা ক্লাসরুমে যেতে চাচ্ছে না। তাই নিরাপত্তার কথা চিন্তা করে বিদ্যালয়ের খোলা মাঠে ক্লাস নেওয়া হচ্ছে।
ওই স্কুলের কয়েকজন ছাত্র-ছাত্রী জানান, মৌমাছিরা সারাদিন ক্লাসরুমের চারপাশে উড়ে বেড়ায়। তাদের একাধিক সহপাঠীর গায়ে মৌমাছি হুল ফুটিয়েছে। তাই ভয়ে তারা ক্লাসরুমে যায় না। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে কী করবেন তা বুঝতে পারছেন না।
/আরএ/এফএস/