বেনাপোল সীমান্তে ৩২ নারী, পুরুষ ও শিশু আটক

বেনাপোলের দৌলতপুর সীমান্তে আটককৃতরা বেনাপোলের দৌলতপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩২ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৪ নভেম্বর) ভোরে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৩ জন নারী ও দু’জন শিশু রয়েছে। তাদের বাড়ি বাগেরহাট, মুন্সিগঞ্জ ও মোড়েলগঞ্জের বিভিন্ন এলাকায়।
বেনাপোলের দৌলতপুর ক্যাম্প কমান্ডার মোজাম্মেল হোসেন জানান, গোপন তথ্যে জানতে পারি অবৈধভাবে ভারত থেকে বেশ কয়েক জন নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে প্রবেশ করে গাতিপাড়া বিজিবি পোস্টের দুই শ’ গজ উত্তরে একটি আম বাগানে অবস্থান করছে। এ সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক জরিনা বেগম (৩৫) বলেন, ‘পাঁচ মাস আগে ভারতে গিয়ে বাসা বাড়িতে কাজ করতাম। সে দেশের পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে বলে তোমরা এ দেশের নাগরিক না। ভালোই ভালো বাংলাদেশে চলে যাও।’
আটক আলমগীর খান (৪৫) বলেন, ‘আমরা একই পরিবারের সাত জন কাজের সন্ধানে সাত মাস আগে ভারতে যাই। আমার স্ত্রী ও বোন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতো। আমি টুকটাক বিভিন্ন কাজ করতাম। ভারতে আমাদের বৈধ কোনও কাগজপত্র না থাকায় পুলিশ ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশে চলে যেতে বলে। তাই আমরা ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকি। এরপর বিজিবি আমাদের আটক করে।’
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুর-ই-এলাহী জানান, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।