বৈধ প্রার্থীদের সমন্বিত তালিকা নেই ইসির হাতে

poro-nirbachonপৌরসভা নির্বাচনের বৈধ প্রার্থীদের সমন্বিত তালিকা নেই নির্বাচন কমিশনের (ইসির) হাতে। যাচাই বাছাইয়ের ৪ দিন পরও মনোনয়নপত্র জমা দেওয়া, বৈধ ও বাতিল প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে পারেনি কমিশন। বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে গণমাধ্যমের হাতে তুলে দেয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। অবশ্য শুক্রবার বিকালের মধ্যে এটা সম্ভব হবে বলে কমিশন সচিবালয় আশা প্রকাশ করেছে।
কমিশন সূত্র জানা গেছে, প্রতিটি নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমাদান, যাচাই বাছাই করে বৈধ ও অবৈধ প্রার্থীর সংখ্যা ও প্রত্যাহার শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ প্রতিটি স্তরেই মাঠ পর্যায়ে থেকে কমিশনে তথ্য আসার কথা রয়েছে। তফসিল ঘোষিত ২৩৪টি পৌরসভা নির্বাচনে প্রতিটি পর্যায়ে তথ্য সংগ্রহে কমিশন সচিবালয় থেকে সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা হয়। পৌরসভায় প্রার্থীদের তথ্য সংগ্রহে ওয়েবসাইট ভিত্তিক প্রার্থী তথ্য ব্যবস্থাপনা (সিএমএস) ও পূর্বের সনাতনী ব্যবস্থা দুইটি পদ্ধতিই অনুসরণ করা হয়। এজন্য কমিশন সচিবালয় থেকে অতিরিক্ত ১০ জন কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়।

এতোসব প্রস্তুতির পরও কমিশন সময়মত মনোনয়নপত্র জমা ও বৈধ প্রার্থীদের তালিকা প্রস্তুত করতে পারেনি। জানা গেছে, কমিশনের প্রস্তুতি অনুযায়ী গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা কমিশনের প্রস্তুত করার কথা থাকলেও দুইদিন পর শনিবার রাতে সেটা করতে সক্ষম হয়। সেটাতেও বেশ ভুলভ্রান্তি ছিল বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় যাচাই বাছাইয়ের পর বৈধ প্রার্থীর তালিকাও কমিশন সময়মত সরবরাহ করতে পারেনি। যাছাই বাছাই শেষে ৬ ডিসেম্বরের (রবিবার) মধ্যে এ তালিকা তৈরির কথা থাকলেও  বৃহস্পতিবার পর্যন্ত কমিশনের কাছে গিয়ে তা পাওয়া যায়নি।

কমিশনের কর্মকর্তারা জানান, গত ৩ দিন ধরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বৈধ প্রার্থীদের তালিকা তৈরি করতে না পারায় কমিশন সচিব সিরাজুল ইসলাম বৃহস্পতিবার উপ সচিব শামসুল আলমকে দায়িত্ব দেন। বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমের কর্মীরা তালিকার জন্য এই কর্মকর্তার কাছে গেলে তিনি সন্ধ্যার মধ্যে তালিকা প্রস্তুত করে সরবরাহের প্রতিশ্রুতি দেন। কিন্তু রাত পর্যন্ত সেটা সম্ভব হয়নি।

রাত ৮টার দিকে উপসচিব শাসসুল ‌আলমের কাছে এ ব্যাপারে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, সব পৌরসভা থেকে তারা তালিকা পেয়েছেন। কিন্তু এটা সমন্বয় করতে গিয়ে তারা বেশ খানিকটা জটিলতায় পড়েছেন। এটা মেলে তো অন্য জায়গায় গিয়ে ঝামেলা বেঁধে যায়। তিনি আরও বলেন,‘রাজনৈতিক দলের সংখ্যা মেলাতে গিয়ে দেখি বৈধ প্রার্থী মেলে না। আবার বৈধ প্রার্থী মিললে দেখা যাচ্ছে জমা দেওয়া ও বাতিল প্রার্থীর সঙ্গে বেশ গড়মিল থেকে যাচ্ছে। তবে, আশা করছি শুক্রবার বিকালের মধ্যে আমরা এ তথ্য দিতে পারবো।’

এ বিষয়ে কমিশন সচিব সিরাজুল ইসলাম বলেন, বৈধ বা বাতিল প্রার্থীদের তালিকাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীদের যে তালিকা থাকবে সেটাই আপনাদের (গণমাধ্যম কর্মীদের) সরবরাহ করা হবে।

 

/টিএন/