প্রতিবন্ধীদের সেবায় মোবাইল ভ্যানের যাত্রা শুরু

টাঙ্গাইলে প্রতিবন্ধীদের সেবায় ভ্রাম্যমাণ পুনর্বাসন ভ্যানের যাত্রা শুরু হয়েছে। প্রতিবন্ধীদের বিনামূল্যে সেবা দিতে মোবাইল থেরাপি ক্যাম্পেইন সেবার অংশ হিসেবে এই ভ্যান চালু করা হয়েছে। বৃহস্পতিবার শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্তমঞ্চে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত ‘মোবাইল থেরাপি ক্যাম্পেইন সেবা-২০১৫ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিবন্ধীদের সেবা ও সাহায্য কেন্দ্র টাঙ্গাইল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা এইচ এম আলী ইমরান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইদি আমিন, সংগঠনের সভাপতি রুহুল আমিন সিরাজী, নিলুফার ইয়াসমিন প্রমুখ।
পরে প্রধান অতিথি ফিতা কেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মোবাইল রিহেবিলিটেশন ভ্যানের উদ্বোধন করেন। অত্যাধুনিক এই ভ্যানের মাধ্যমে জেলার ১২টি উপজেলায় ঘুরে ঘুরে প্রতিবন্ধীদের বিনামূল্যে থেরাপি দেওয়া হবে। প্রথম পর্যায়ে প্রতিটি উপজেলায় তিনদিন করে ১২টি উপজেলায় ৩৬ দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে।

এ ছাড়াও শহরের আকুর-টাকুর পাড়ায় অবস্থিত সংস্থার নির্দিষ্ট কার্যালয় থেকে বছরজুড়ে শারীরিক প্রতিবন্ধীদের বিনামূল্যে থেরাপি দেওয়া হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এতে বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধীরা সেবা পাচ্ছেন।

/জেবি/এমপি/এফএ/