দেওয়ান আব্দুল কাদের জানান, ‘মঙ্গলবার ১৭তম স্প্যান বসানোর শিডিউল রয়েছে। আবহাওয়া ঠিক থাকলে স্থায়ীভাবে স্প্যান বসানো হবে।’
তিন হাজার ১৪০ টন ওজনের ১৭তম স্প্যান বসানোর পর সেতুর দুই হাজার ৫৫০ মিটার দৃশ্যমান হবে। এর আগে গত মঙ্গলবারই (১৯ নভেম্বর) ১৬-১৭ নম্বর পিলারে সেতুর ১৬তম স্প্যান বসানো হয়েছিল।
এদিকে ১৭তম স্প্যান বসানোর সপ্তাহখানেক পর সেতুর পরবর্তী স্প্যান বসানো হবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। আগামী ৪/৫ ডিসেম্বর পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসানো হতে পারে।
দেওয়ান আব্দুল কাদের জানান, ‘সেতুর চ্যালেঞ্জিং কাজ সব শেষ। আমাদের যথেষ্ট স্প্যান প্রস্তুত আছে। কিন্তু নাব্য সংকটের কারণে পিলারের ওপর স্প্যান বসানো যাচ্ছিল না। এখন ড্রেজিং করে নাব্য সংকট দূর করা হয়েছে। কাজেই সপ্তাহখানেক পর পর স্প্যান বসানো হবে।’
তিনি আরও জানান, ‘চীন থেকে আরও দুটি স্প্যানের সরঞ্জাম বাংলাদেশে এসেছে। এই দুটি নিয়ে দেশে মোট ৩৩টি স্প্যান আছে। এরমধ্যে ১৬টি বসানো হয়েছে। সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজও শিডিউল অনুযায়ী চলছে।’
সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৩টির কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি পিলারের শুধু ক্যাপিং করার কাজ করতে হবে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি মূল সেতু নির্মাণের কাজ করছে।