বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল নৌ বন্দর থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী নৌযান ও পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। রাতে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচলও স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন নৌযান মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু। নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগীয় কমিটির নেতাদের দাবি, দেশের অন্যত্র যে কর্মবিরতি হচ্ছে এটা লঞ্চ মালিকদের কারসাজি। তাদের ১১ দফা বাস্তবায়নের ধর্মঘট আগামী শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হবে।
বরিশাল থেকে ভোলা, হিজলা, মেহেন্দিগঞ্জ ও বরগুনা রুটে মোট ১১টি লঞ্চ সকাল ৯টা পর্যন্ত ছেড়ে যায়।
নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি আবুল হাসেম জানান, বিভিন্ন স্থানে যে নৌযান ধর্মঘট চলছে, তা লঞ্চ মালিকদের কারসাজি। কারণ আমাদের ১১ দফা দাবি বাস্তবায়নে আগামী শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হওয়ার কেন্দ্রীয় ঘোষণা রয়েছে। সে অনুযায়ী ওই সময় থেকেই তারা ধর্মঘট শুরু করবে।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর লঞ্চঘাট থেকে বুধবার দুপুর পর্যন্ত কয়েকটি লঞ্চ যাত্রী নিয়ে ছেড়ে গেছে।
ঢাকা-চাঁদপুর রুটে চলাচলকারী লঞ্চ কর্মকর্তারা জানান, নৌযান শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৯ নভেম্বর থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি পালন করার কথা রয়েছে। কিন্তু, হঠাৎ করে নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদ ধর্মঘট আহ্বান করে। এতে ঢাকা থেকে লঞ্চ না ছাড়লেও দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যাচ্ছে। নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন, ২৯ নভেম্বরের পূর্ব ঘোষিত কর্মসূচি বানচাল করতেই একটি পক্ষ উঠে পড়ে লেগেছে।
চাঁদপুর লঞ্চ ঘাট শ্রমিকলীগ নেতা আব্দুস শুক্কুর বলেন, বুধবার ভোর ৬টা থেকে নিয়মিত আধ ঘণ্টা পরপর লঞ্চ ছেড়ে যাচ্ছে। তবে ঢাকা থেকে লঞ্চ আসছে না। আমরা খবর পেয়েছি, সোনারতরী-২ লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে। সেটি আবার চাঁদপুর থেকেও ঢাকা যাবে।
চাঁদপুর নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি ও লঞ্চ মাস্টার হারুনুর রশিদ বলেন,‘আমাদের কোনও কর্মসূচি নেই। আমাদের কর্মসূচি হলো ২৯ নভেম্বর রাত ১২টার পর থেকে আমরা কাজ করবো না। এর আগে যদি সরকার, মালিক ও শ্রমিকদের ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে আমাদের দাবির বিষয়গুলো সমাধান করেন, তাহলে আমরা কাজ করবো। চাঁদপুর ঘাট থেকে লঞ্চ চলছে। আমি খবর পেয়েছি, কতিপয় সন্ত্রাসী আমাদের মাস্টারের ওপর ঘুমন্ত অবস্থায় হামলা করে। মূলত আমাদের কর্মসূচি বানচাল করার জন্যই তারা এ ধরনের কর্মকাণ্ড করছে।