গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুলিশসহ দগ্ধ ৪

Gas-cylinder-blast2

খুলনা মহানগরীর খালিশপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুলিশ সদস্য (গাড়ি চালক) আতিয়ার রহমানসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খালিশপুর মুজগুন্নী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

খালিশপুর থানার এস আই আলিমুজ্জামান বলেন, আগুনে আতিয়ারের স্ত্রী আনোয়ারা বেগমের (৩২) শরীরের ৭০ ভাগ, ছেলে তৌফিক (১৬) ও ভায়রার ছেলে তামিমের (১৮) শরীরের প্রায় ৬০ ভাগ দ্গ্ধ হয়েছে। পুলিশ সদস্য আতিয়ার রহমানের (৪৪) ক্ষতি কিছুটা কম আছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের গাড়ি চালক আতিয়ার রহমান পরিবার নিয়ে খালিশপুর মুজগুন্নী আবাসিক এলাকায় ভাড়া থাকেন। শুক্রবার রাতের কোনও এক সময়ে গ্যাস সিলিন্ডার লিক করে সম্পূর্ণ গ্যাস বেরিয়ে যায়। শনিবার সকালে তার স্ত্রী আনোয়ারা খাতুন রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় বাড়ির দরজা, জানালা ভেঙে যায় এবং দেয়াল ও ছাদে ফাটল ধরেছে। এ ঘটনায় আতিয়ার, তার স্ত্রী আনোয়ারা খাতুন, ছেলে ও এক নিকট আত্মীয় দগ্ধ হন।

 

তাদের উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

/এআই/এসটি/