বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ২টার দিকে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ ঝড়ের বিরুদ্ধে, দুর্যোগের বিরুদ্ধে লড়াই করতে করতে এগিয়ে যাচ্ছে। আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, আমরা শেখ হাসিনার আওয়ামী লীগ। শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আমরা শেখ হাসিনার সৈনিক। আমরা ভয়কে জয় করে এগিয়ে যাই। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার রাজনীতির হাতিয়ার মানুষের ভালোবাসা। আমি আওয়ামী লীগ নেতাকর্মীদের বলবো, মানুষের কাছে থাকুন। সবচেয়ে বড় সম্পদ মানুষের ভালোবাসা। ক্ষমতা অনেককে অহংকারী করে তোলে। পঞ্চাশের দশকে জমিদারি প্রথা চলে গেছে। আওয়ামী লীগে জমিদারদের জায়গা নেই। আওয়ামী লীগ জনগণের দল।’
তিনি আরও বলেন, ‘সব ষড়যন্ত্রের জবাব হচ্ছে ঐক্য। তাই ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে বলেই কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হয়েছে। জনগণই আমাদের ক্ষমতার উৎস। তাই ঐক্যের কোনও বিকল্প নেই। আওয়ামী লীগের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানাই।’
বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে জনগণের কোনও সাড়া না পেয়ে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। খালেদা জিয়ার মামলাকে কেন্দ্র করে তারা চক্রান্তের পথ বেছে নিয়েছে, সংঘাতের পথ বেছে নিয়েছে। বিএনপি কোনও আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না। বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণের কাছে আস্থাহীনতার পরিচয় দিচ্ছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য্য, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, পারভীন জামান কল্পনা, বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ প্রমুখ।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন অতিথিরা। সম্মেলন সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।