বরিশালে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ শিক্ষার্থী

সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লাসবরিশাল শিক্ষা বোর্ডে জেএসসিতে পাসের হার ৯৭ দশমিক শূন্য ৫ ভাগ।  এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯শ’ ৪৮ জন। এবারও পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এবার এই বোর্ডে এক হাজার ৭শ’ ১৪টি স্কুলের মধ্যে ৭৮৩টি স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এবার শতভাগ ফেল করা কোনও শিক্ষাপ্রতিষ্ঠান নেই। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘এবার পরীক্ষার্থী ছিল এক লাখ ১৭ হাজার ৪শ’ জন। তাদের মধ্যে এক লাখ ১৩ হাজার ৯শ’ ৮৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। পাস করেছে এক লাখ ১০ হাজার ৬১৯ জন। এর মধ্যে ৬০ হাজার ৯৮ জন ছাত্রী এবং ৫০ হাজার ৫শ’ ২১ জন ছাত্র।’

গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ৪২টি। গতবার ৮২১টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।

এদিকে, বরিশাল ক্যাডেট কলেজ থেকে এ বছর ৫৪ জন ছাত্র অংশগ্রহণ করে। এদের মধ্যে ৫১ জন জিপিএ-৫ এবং তিনজন জিপিএ-৪ পেয়েছে। পাসের হার শতভাগ।

গত বছরও এই বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক শূন্য ৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ৯শ’ ৬ জন। গত বছর এক লাখ ১৪ হাজার ৮শ’ ৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল এক লাখ ১১ হাজার ৪শ’ ৬৯ জন।