মালয়েশিয়া যেতে ব্যর্থ সবুজকে পরিবারের কাছে হস্তান্তর

Manobpachar%20(3)অবৈধ পথে মালয়েশিয়ায় যেতে ব্যর্থ নারায়নগঞ্জের ১৭ বছর বয়সী মোহাম্মদ সবুজকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার চাষাঢ়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ শাখার মাধ্যমে তাকে তার বাবা ফজলুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। সবুজ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলমুদী এলাকার বাসিন্দা।

দালালের মাধ্যমে অবৈধ পথেই মালয়েশিয়া রওনা হয়েছিল সবুজ। শর্ত ছিল যাওয়ার টাকা মালয়েশিয়া গিয়েই কাজ করে পরিশোধ করবে।কিন্তু তার সে আশা পূরণ হয়নি।মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে ৬ মাস কারাভোগ করেন তিনি। এরপর দেশে ফিরলে তাকে  তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ ইউনিটের যুব প্রধান হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সপ্তম দফায় মিয়ানমার থেকে ফেরত আসা ৪৮ বাংলাদেশির মধ্যে পাঁচ শিশু-কিশোরকে নিজ বাড়িতে পাঠানো হয় বৃহস্পতিবার (৩ ডিসেম্বর)। ইমিগ্রেশন সংক্রান্ত কাজ ও জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় শুক্রবার ৫ কিশোরকে নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাদের মধ্যে নারায়ণগঞ্জের একজন মোহাম্মদ সবুজ। কিশোর হওয়ায় সবুজকে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের হেড অফিস সদস্য রাজু আহম্মেদ, নারায়ণগঞ্জ যুব সদস্য মামুন হোসেন, ফারুক হোসেন প্রমুখ।

 

সবুজের বাবা ফজলুর রহমান জানান, আড়াইহাজার উপজেলার দালাল ইমরান হোসেন গত ২৪ এপ্রিল সবুজকে মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রলারে উঠিয়ে দেয়। শর্ত ছিল ওখানে গিয়ে কাজ করলে ইমরানকে ৩০ হাজার টাকা দিতে হবে। কিন্তু দেশ ছেড়ে যাওয়ার পর দুই মাস সাগরে ছিল সুবজ। এসময় তাকে কোনও খাবার দেওয়া হয়নি। দিনে এক বেলা এক মুঠো মুড়ি পেত।  পরবর্তীতে মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনী তাকে আটক করে জেলখানায় রাখে।

/এআর/এসএম/