পুলিশের জিপের সঙ্গে বালুবাহী ট্রাকটরের সংঘর্ষ, গুরুতর আহত ২

ভেঙেচুরে যাওয়া পুলিশের জিপকুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর এলাকায় কুড়িগ্রাম-উলিপুর সড়কে পুলিশের জিপগাড়িতে বালুবাহী ট্রাকটরের সংঘর্ষে কুড়িগ্রাম পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে দুর্গপুর ব্র্যাক অফিস সংলগ্ন চন্ডিজান ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

পুলিশের আহত দুই সদস‌্য হলেন– উপপরিদর্শক (এসআই) আজিবর এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুম বিল্লাহ। তারা দুজনই কুড়িগ্রাম পুলিশ লাইন্সের যানবাহন শাখার সদস‌্য বলে জানা গেছে।

পুলিশ ও দুর্ঘটনাস্থলের লোকজন জানায়, বুধবার রাত ৮টার দিকে কুড়িগ্রাম শহর থেকে পুলিশ সদস‌্যবাহী জিপটি দুর্গাপুর বাজার পার হয়ে কুড়িগ্রাম চিলমারী সড়কের ওই ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাক্টরটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে জিপের সামনের অংশ দুমড়ে গেলে জিপে থাকা এসআই আজিবর এবং এএসআই মাসুম গুরুতর আহত হন। ঘটনার পরপরই কাছে থাকা লোকজন আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠায়। পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানায়, আহত এএসআই মাসুম গাড়ি চালাচ্ছিলেন। মূল চালক পুলিশ সদস‌্য আক্তার জিপের পেছনে বসা ছিলেন। তিনি অক্ষত আছেন।

দুর্ঘটনাকবলিত জিপ উদ্ধার ও ট্রাকটর জব্দ করা হয়েছে কিনা জানতে চাইলে উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, ‘স্থানীয় সংসদ সদস্যের অনুষ্ঠানে থাকায় আমি বিস্তারিত কিছু জানি না। তবে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’