সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকীতে কিশোরগঞ্জে যেসব কর্মসূচি

সৈয়দ আশরাফুল ইসলামআওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের সন্তান সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৩ জানুয়ারি)। দিবসটি উপলক্ষে কিশোরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আয়োজন করা হয়েছে স্মরণসভারও। আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন এসব কর্মসূচির আয়োজন করছে।

দলীয় সূত্রে জানা গেছে, সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরের বীরদামপাড়ায় শুক্রবার বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসী।

বাদ আছর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামীকাল শনিবার (৪ জানুয়ারি) স্মরণ সভার আয়োজন করেছে জেলা কৃষক লীগ। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পুত্র ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ-১ আসন থেকে টানা চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৫ সালের ১৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হন সৈয়দ আশরাফ। তবে শপথ নেওয়ার আগেই ২০১৯ সালের ৩ জানুয়ারি সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি।