নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি নূর হোসেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকালে নূর হোসেনকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে হাজির করা হয়।
নূর হোসেন ও তার তিনজন সহযোগীর বিরুদ্ধে দায়ের করা ৭ মামলার সাক্ষ্য নিতে তাকে আদালতে হাজির করা হয়। তবে ওই সাত মামলার অন্য আসামিদের এদিন আদালতে আনা হয়নি। শুধু নূর হোসেনের উপস্থিতিতেই আদালত পাঁচ সাক্ষীর সাক্ষ্য নেন।
এর আগে এদিন নূর হোসেনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা আদালতে আনা হয়। আদালতপাড়ায় এ কারণে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছিল। দায়েরকৃত ৭ মামলার অন্যান্য আসামিরা হলেন, সিদ্ধিরগঞ্জের সেলিম, আলী মোহাম্মদ ও জামাল।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ৭ মামলায় নূর হোসেন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে ৫ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।