আশুলিয়ায় মার্কেটে অগ্নিকাণ্ড

আগুন দ্রুত মার্কেটের দোকানগুলোতে ছড়িয়ে পড়েঢাকার আশুলিয়ার বাসস্ট্যান্ড এলাকার আজিজ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে স্থানীয়রা জানান, আগুনে ওই মার্কেটের প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। রবিবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রবিবার রাত ৯টার দিকে আজিজ সুপার মার্কেটের একটি দোকান থেকে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা দাউ দাউ করে পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের সঙ্গে উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ও সাভার ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যোগ দেয়।