সন্ধ্যা নদী থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

বরিশাল

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের দাসেরহাট গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৪০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. মহসিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দাসেরহাট এলাকার লোকজন সন্ধ্যা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। থানা থেকে বিষয়টি অবহিত করা হলে ওই রাতেই ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যাওয়া হয়।

বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল বলেন,‘আমাদের ধারণা, ওই মরদেহ ৩-৪ দিন আগের হতে পারে। এই কারণে মরদেহের শরীরে কোনও আঘাতের চিহ্ন আছে কিনা তা শনাক্ত করা সম্ভব হয়নি। তাই অজ্ঞাত ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’