৮০ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

মুন্সীগঞ্জে ৮০ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংসমুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর, ডিঙ্গাভাঙ্গা ও দূর্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে চার কোটি মিটারের বেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। বুধবার সারাদিন ৯টি কারখানায় অভিযান চালিয়ে এই বিপুল পরিমান জাল জব্দ করা হয়। এ সময় ২১ জনকে আটক করা হয়। এ জালের আনুমানিক মূল্য ৮০ কোটি ৩০ লাখ টাকা।

মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. জিল্লুর রহমান এ খবর নিশ্চিত করে জানান, সকাল ৯ টা থেকে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে মৎস্য অফিস, কোস্টগার্ড ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। অভিযানে চার কোটি এক লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। সন্ধ্যার পরে ধলেশ্বরী নদীর পাড়ে আগুনে পুড়িয়ে জব্দকৃত জাল ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাবুল আরিফ আটক ২১ জনকে এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেন বলেও জানান মৎস্য কর্মকর্তা।