দুদিনের ভর্তি পরীক্ষার শেষ দিনে শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের, বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুলের এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ভর্তি পরীক্ষায় উল্লেখযোগ্য হারে মেয়েদের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল। বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল ছাড়া অন্য চারটি স্কুল ও একটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। কলা ও মানবিক স্কুল, সমাজ বিজ্ঞান স্কুল ও চারুকলায় মেয়েদের উপস্থিতি ছেলেদের তুলনায় ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ সময় ট্রেজারার খান আতিয়ার রহমান, সংশ্লিষ্ট স্কুলের ডিন যথাক্রমে প্রফেসর ড. শেখ মো. রজিকুল ইসলাম, প্রফেসর ড. মো. আব্দুল জব্বার ও প্রফেসর মেহেদী হাসান মো. হেফজুর রহমান উপস্থিত ছিলেন।
পরে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে অপেক্ষমাণ বিভিন্ন এলাকা থেকে আসা অভিভাবকদের সঙ্গে পরীক্ষার পরিবেশসহ সুবিধা-অসুবিধার বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় স্থানীয় এবং খুলনার বাইরে থেকে আসা অভিভাবকদের অনেকেই শান্তিপূর্ণ পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
/আরএ/এসএম/