খালে মিললো অজ্ঞাত নারীর লাশ

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক নিমাইকাশারী এলাকার ডিএনডি’র নিষ্কাশন খাল থেকে অজ্ঞাত এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক প্রতিবন্ধী। রাতের বেলা তিনি বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিছলে ডিএনডি’র নিষ্কাশন খালে পড়ে যান। পরে আর উঠতে পারেননি। সকালে স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ওই নারীর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।