গাড়িচাপায় পোশাক কারখানা কর্মকর্তার মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক পার হওয়ার সময় এক পোশাক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত আনছারুল হক (৪১) ওই এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেড কারখানার জুনিয়র প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরছারুল রংপুর সদর উপজেলার পালিচরা এলাকার মৃত শাহাদত হোসেনের ছেলে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,সকালে কর্মস্থলে যাওয়ার পথে চান্দুরা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন আনছারুল। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।