ফরিদপুরের চরভদ্রাসনে নবম শ্রেণির একজন ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে রাসেল শেখ (২২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় এই আদেশ প্রদান করেন।
অভিযুক্ত রাসেল শেখ উপজেলার টিলারচর গ্রামের মৃত শেখ সোনামিয়ার ছেলে।
বুধবার (১৫ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্ত রাসেল শেখ উপজেলা সদর ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করছিল। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন। পরে জাকেরের সুরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সাজা দিয়ে দন্ডপ্রাপ্ত রাসেলকে জেল হাজতে পাঠানো হয়।