কলারোয়া উপজেলার ভাইস চেয়ারম্যান গ্রেফতার

কাজী আসাদুজ্জামান সাহাজাদা

একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে পৌর সদরের তুলশিডাঙ্গার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গাজী সালাউদ্দিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

কাজী সাহাজাদা উপজেলা যুবলীগের সভাপতি ও নবগঠিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি তুলশীডাঙ্গা গ্রামের মৃত সোনা কাজীর পুত্র।

কলারোয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, ‘যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান সাহাজাদার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া তার বাড়ি থেকে উদ্ধার হওয়া অবৈধ মালপত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) গাজী সালাউদ্দিন বলেন, ‘কাজী সাহাজাদার বিরুদ্ধে দুটি সিআর ও একটি জিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযানকালে সাহাজাদার বাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি কাগজপত্রবিহীন মোটরসাইকেল, কিছু ননজুডিশিয়াল স্ট্যাম্প ও বিভিন্ন ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে। এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে।’