পেটের ভেতর ৫ হাজার পিস ইয়াবা, আটক ২




ইয়াবা পাচারের সময় আটক দুই মাদক ব্যবসায়ীপেটের ভেতর পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার থেকে কুমিল্লায় আসার পর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে কুমিল্লা রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই মাদক ব্যবসায়ী নীলফামারীর ডোমার উপজেলার ডোকরা গ্রামের আবদুর রহিমের ছেলে আলমগীর হোসেন (৩১) এবং নাটোর সদর উপজেলার চক বেদানাথ গ্রামের মৃত বকুল আহমেদের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৪)।

র‌্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, র‌্যাব সদস্যদের কাছে পেটে করে ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করলে আটক ব্যক্তিদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পাকস্থলীর এক্সরে করলে পেটের ভেতর ডিম্বাকৃতির বস্তু চিহ্নিত হয়। পরে মলত্যাগ করানোর মাধ্যমে পলিথিন ও স্কচটেপে মোড়ানো পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।