বগুড়ায় মুরগির খামার থেকে কর্মচারীর লাশ উদ্ধার

বগুড়া




বগুড়ার শেরপুরে বাবু মিয়া (৩০) নামে মুরগির খামারের এক শ্রমিকের লাশ উদ্ধার হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার গাড়িদহ ইউনিয়নের জয়নগর গ্রামের বিলের মধ্যে করা খামারের ঘর থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তার শরীর চৌকিতে ও মাথা মেঝেতে ছিল। পুলিশের ধারণা,বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবু মিয়া শেরপুর উপজেলার জয়নগর গ্রামের আনিসুর রহমানের ছেলে। তিনি একই গ্রামের আইয়ুব আলীর মুরগির খামারে কর্মচারীর কাজ করতেন। রাতে ওই খামারের ঘরে ঘুমাতেন। শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে মালিকের সঙ্গে কথা বলেন। রবিবার সকালে অন্য কর্মচারিরা এতে
ঘরের দরজা বন্ধ দেখেন। ডাকাডাকি করে বাবুর কোন সাড়া না পাওয়ায় শেরপুর থানায় খবর দেন।
শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘরের দরজা ভেঙে বাবু মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীর চৌকির বিছানায় ও মাথা মেঝেতে ছিল। পুলিশ কর্মকর্তা আরও জানান, বাবু মিয়া অতিরিক্ত নেশা করতেন। তিনি কোনও কারণে বিষপানের পর বা ঘরে থাকা বিষক্রিয়ায় বমি করার চেষ্টা করেছিলেন। এ অবস্থায় তার মৃত্যু হয়েছে। এরপরও তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।