মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে বুধবার এক হাজার ৩৮৯ দশমিক ৯৫৭ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। আগের দিন এসেছে ৫২৩ দশমিক ৫০৩ মেট্রিক টন পেঁয়াজ।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মিয়ানমার থেকে স্থলবন্দরে প্রায় ১৩৮৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে মিয়ানমার থেকে আরও পেঁয়াজ ভর্তি ট্রলার আসার পথে রয়েছে। আমদানি পেয়াঁজগুলো ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়েছে।’
শুল্ক বিভাগ জানায়, জানুয়ারি মাসের প্রথম ২৯ দিনে মিয়ানমার থেকে ১৪ হাজার ৪৫২ দশমিক ৮৪ মেট্রিক টন পেঁয়াজ এসেছে। এছাড়া গত বছরের ডিসেম্বরে ১৪ হাজার ৬৪৭ মেট্রিক টন, নভেম্বরে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন, অক্টোবরে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।
টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘মিয়ানমার থেকে এখনও বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করছে ব্যবসায়ীরা। আমদানি পেঁয়াজ দ্রুত সময়ে খালাস করে সরবরাহ করা হয়েছে।