হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও সংস্কৃতি মতে, এ দিনটিতে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। দিনটিকে বলা হয় ‘বসন্ত পঞ্চমী’। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। তার জন্য হিন্দু ভক্ত, বিশেষ করে সম্প্রদায়টির শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে এ পূজার আয়োজন করে থাকে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ
রাজবাড়ী
প্রতি বছরের মতো রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ইউনিয়নে ১৯০১ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী ঐতিহ্যবাহী সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমূখর পরিবেশের মধ্যে দিয়ে সরস্বতী পূজা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয়রা এই পূজা দেখতে আসেন।
সারাদেশের মতো নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও মন্দিরে মন্ত্রপাঠের মাধ্যমে চলছে সরস্বতী পূজা। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই পূজা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে দেবী সরস্বতী যেমন জগতে এসেছেন ঠিক তেমনি মাঘ মাসের কনকনে শীত আর শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সনাতন ধর্মের শিক্ষার্থীরা সমবেত হয় এই সরস্বতী পূজা উৎসব ঘিরে।
ঠাকুরগাঁও
সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব বিদ্যার দেবী শ্রী-শ্রী সরস্বতী পূজা।
এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে জেলার কেন্দ্রীয় গোবিন্দজিউ মন্দির, শান্তিনগর মন্দির, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয়সহ বিভিন্ন মন্দির, স্কুল-কলেজ, ক্লাবগুলোতে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।
দেবীর এই পূজাকে কেন্দ্র করে ভক্তদের ঢল নামে প্রতিটি পুজা মণ্ডপসহ শহরের বিভিন্ন এলাকায়। পূজাকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠে সনাতন ধর্মালম্বীরা ।
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যাদেবীর কৃপালাভের আশায় বাগেরহাট আদর্শ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, কলেজিয়েট স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঘরে ঘরে এই পূজা উদযাপিত হচ্ছে।
সরস্বতী পূজাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় উৎসব আমেজ বিরাজ করছে। এ বছর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ কয়েকশ’ অস্থায়ী মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে।
শহরের দক্ষিণ কালীবাড়ী মন্দিরের প্রধান পুরোহিত অচিন্ত চক্রবর্তী জানান, মায়ের কাছে বিদ্যা বুদ্ধিদানের পাশাপাশি রোগশোগ থেকে মুক্তিলাভের প্রার্থনা করা হয়েছে। সবাই যেন ভালো থাকে এ জন্য মায়ের চরণে বিশেষ প্রার্থনা করা হয়।
দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যা ও সংগীতের দেবী স্বরস্বতী পূজা উদযাপন করছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা ।
বৃহস্পতিবার সকাল ৯টায় হিলির চন্ডিপুর সার্বজনিন মন্দিরে দেবীর আরাধনা, বানী অর্চণা ও পূজা অর্চণার মধ্য দিয়ে শুরু হয় স্বরস্বতি পূজার মূল আনুষ্ঠানিকতা। এছাড়াও বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন বাড়িতেও ব্যাক্তিগতভাবে স্বরস্বতি পূজা উদযাপন করছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা।
হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ বাংলা ট্রিবিউনকে জানান, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব স্বরস্বতি পূজা যেন তারা নির্বিঘ্নে ও সুন্দরভাবে করতে পারে এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।