নীরবের মৃত্যুতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

SHEMPUR-NIRO1রাজধানীর শ্যামপুরে ম্যানহোলের ভেতর পড়ে মারা যাওয়া ছয় বছরের শিশু নীরবের মৃত্যুর জন্য ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে। রবিবার চিল্ড্রেন চ্যারিটি ফর বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম রিট আবেদনটি করেন।
রিট আবেদনে নীরব যে স্থানে পড়ে মারা গেছে সেই জমির মালিকানা নির্ধারণ, ঘটনার পর সংশ্লিষ্ট থানার ওসি কী পদক্ষেপ নিয়েছেন এবং ঢাকায় বর্তমানে কতগুলো ঢাকনাবিহীন ম্যানহোল আছে তার তালিকা জমা দিতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।
গত ৮ ডিসেম্বর বিকেলে খেলতে গিয়ে শ্যামপুরে একটি খোলা ম্যানহোলের ভেতর পড়ে যায় শিশু নীরব। ঘটনার প্রায় ৪ ঘণ্টা পর তাকে ঘটনাস্থলে থেকে প্রায় এক কিলোমিটার দূরে শ্যামপুর লঞ্চঘাট এলাকায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এর আগে রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত পানির পাম্পের ভেতরে পড়ে শিশু জিহাদের মৃত্যুর পরও ক্ষতিপূরণ চেয়ে রিট করেছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম।
/এসএম/এফএ/