পাখিউড়া সীমান্তে গুলির শব্দ

কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখিউড়া সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে। তবে কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে এই ঘটনা ঘটেছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

তবে স্থানীয়দের বরাত দিয়ে নারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পক্ষ থেকে এই গুলি ছোড়া হয়েছে।  

নারায়নপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন জানান, শনিবার ভোরে পাখিউড়া সীমান্তপথে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফ-এর গুলিতে জামাল (২১) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার বাড়িতে কাউকে পাওয়া যায়নি। সম্ভবত মামলা এড়ানোর জন্য লাশ নিয়ে গা ঢাকা দিয়েছে পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২২ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল মো. মোহাম্মদ জামাল হোসেন জানান,  নারায়নপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। একজন গুলবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।