থানা হাজত থেকে আসামি উধাও

চট্টগ্রামচট্টগ্রামে ইয়াবা পাচারের সময় গ্রেফতারের পরদিন ভোর রাতে থানা থেকে পালিয়ে গেছে এক আসামি। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে থানা হাজত থেকে লাইজু বেগম নামে ওই আসামি কৌশলে পালিয়ে যান। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

লাইজু বেগমের বাড়ি বরগুনা জেলায়। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী একটি বাসে লাইজু পটিয়ায় আসেন।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলা সদরের পোস্ট অফিস মোড় এলাকায় সন্দেহজনকভাবে হাঁটাহাঁটির সময় লাইজু বেগমকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পেটে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করে। এরপর তার পেট থেকে এক হাজার ৯০০ পিস ইয়াবা বের করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার দেখিয়ে রাতে থানা হাজতে রাখা হয়। কিন্তু ভোর রাতের দিকে লাইজু টয়লেটে গিয়ে কৌশলে পালিয়ে যায়। টয়লেটের ভেন্টিলেটার দিয়ে সে পালিয়েছে। আমরা তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘ওই সময় সহকারী উপ-পরিদর্শক (এএসআই ) মো. সামছুদ্দিন, কনস্টেবল মমতাজ ও রিয়াজ উদ্দিন থানায় দায়িত্বরত ছিলেন। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের তিন জনের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। দায়িত্বে অবহেলার জন্য অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহোদয় তাদের তিন জনকে প্রত্যাহার করে নিয়েছেন।’