নিহত রোজিনা শেরপুর জেলা সদর উপজেলার দশানিবাজার এলাকার হাবিবুর রহমানের প্রথম স্ত্রী।
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপির) সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ উদ্দিন জানান, মহানগরের পূর্ব চান্দনা এলাকায় দ্বিতীয় স্ত্রী সাথী আক্তারকে নিয়ে ভাড়া বাসায় থেকে হাবিবুর ওই এলাকায় রিকশা চালান। তার প্রথম স্ত্রী রোজিনা বেগম সন্তান নিয়ে স্বামীর গ্রামের বাড়ি শেরপুরে থাকতেন। সম্প্রতি রোজিনা গ্রামের বাড়ি থেকে গাজীপুরের পূর্ব চান্দনা এলাকায় তার বাবা-মায়ের কাছে বেড়াতে আসেন। এ খবর পেয়ে সাথী বেড়ানোর কথা বলে রোজিনাকে মোবাইল ফোনে বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর কথা-বার্তার একপর্যায়ে তাদের মধ্যে দাম্পত্য বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে একে অপরকে গলাটিপে ধরলে রোজিনা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং সাথী আক্তারকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।