ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

কারাদণ্ড

বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়ক এলাকায় প্রতিবেশী তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে দুই মাসেরও বেশি সময় ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ বছরের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

বেঞ্চ সহকারী আজিবর রহমান বলেন, ২০০৮ সালের ২২ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ৭ মার্চ পর্যন্ত আসামি অজয় ওই তরুণীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। ৮ মার্চ ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে অজয় অস্বীকার করে। এ নিয়ে পারিবারিকভাবে সালিশ হলেও তা মেনে নেয়নি অজয়। পরে তাকে আসামি করে একই বছরের ৭ এপ্রিল মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণীর বাবা।

২০০৯ সালের ৩১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার এসআই কমলেশ চন্দ্র হালদার অজয়কে একমাত্র অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ১১ জনের সাক্ষ্য নেওয়া শেষে বিচারক ওই রায় দেন।