দ্রুততম সময়ে প্রত্যাবাসন নিশ্চিতে ত্রিপাক্ষিক আলোচনা চলছে: ত্রাণ প্রতিমন্ত্রী




রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানদ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে চীন, মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের ত্রিপাক্ষিক আলোচনা চলছে।

বুুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। এ কারণে চীন দ্রুত প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারকে পদক্ষেপ নিতে বলেছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মহলকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের নাগরিকত্ব, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত করে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে কাজ চলছে।

পরে রোহিঙ্গাদের মাঝে মানবিক ত্রাণ সহায়তা বিতরণ করেন।

এসময় ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য ল্যাফটেনেন্ট জেনারেল মাসুদ উদ্দিন, মোস্তাক হোসেন রবি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, শরাণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহবুবুল আলম তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক শাহজাহান আলী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।