কারাগারে যুবলীগের দুই নেতাকে হুমকি: জেল সুপার প্রত্যাহার

জেল সুপার রফিকুল কাদেরকারাবিধি ভঙ্গের অভিযোগে ফেনীর জেল সুপার রফিকুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে তাৎক্ষণিকভাবে কারা অধিদফতর ঢাকায় যোগদানের নির্দেশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়, ফের আদেশ না দেওয়া পর্যন্ত ফেনী কারাগারের কারা তত্ত্বাবধায়ক রফিকুল কাদেরকে জনস্বার্থে কারা আধিদফতর ঢাকায় সংযুক্ত করা হলো। পাশাপাশি তাৎক্ষণিক ফেনী থেকে কর্মমুক্ত হয়ে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। ফেনীর জেলার দিদারুল আলম এই খবর নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছর ফেনী কারাগারের নিরাপত্তা সেলে ঢুকে যুবলীগের দুই নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন ওই দুই আসামি ফেনী জেলা যুবলীগের সাবেক সভাপতি এম আজহারুল হক ওরফে আরজু এবং ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঁইয়া। এই অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে তদন্ত কমিটি কারাবিধি ভঙ্গের অভিযোগের সত্যতা পান জেল সুপারের বিরুদ্ধে। এর শাস্তি হিসাবে ফেনীর জেল সুপার রফিকুল কাদের প্রত্যাহার করা হলো বলে ধারণা করা হচ্ছে।   

তবে এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘কারাগারে ঢুকে আসামিদের হুমকি দেওয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষের তদন্ত হয়। তবে কী ব্যবস্থা নেওয়া হয়েছে অথবা এই কারণেই বদলি করা হয়েছে কিনা আমি নিশ্চিত নই। আমাকে কারা অফিদফতর থেকে বলা হয়েছে, অবাধে কেউ যেন কারাগারে প্রবেশ করতে না পারে সেই জন্য যথাযথ ব্যবস্থা নিতে।’