চাকলাহাট এলাকার কামরুজ্জামান বুলেট জানান, ‘মাদ্রাসা সংলগ্ন এলাকায় কয়েকটি কুকুর ময়ূরটিকে তাড়া করছিল। এসময় আমরা কয়েকজন কাছাকাছি গিয়ে এটিকে দেখতে পাই। পরে আমিসহ স্থানীয় লোকজন মিলে কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে ময়ূরটিকে ধরি। পরে ময়ূরটি বাচ্চা মিয়ার বাড়িতে রাখা হয়। মুহূর্তেই ময়ূর ধরা পড়ার খবরটি ছড়িয়ে পড়ে। পাখিটিকে একনজর দেখার জন্য আশপাশের লোকজন তার বাসায় ছুটে আসে।’
চাকলাহাট ইউনিয়নের চাকলাহাট গ্রামের বাসিন্দা বাচ্চা মিয়া জানান, ময়ূর ধরার বিষয়টি পঞ্চগড় সদর ইউএনও অফিসের কর্মকর্তা আব্দুর রশিদকে জানান তারা। পরে তিনি বনবিভাগকে খবর দেন। সন্ধ্যায় বনবিভাগের কর্মকর্তারা তার বাসায় আসলে ময়ূরটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
পঞ্চগড় বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ‘ময়ূরটিকে আমরা ঘটনাস্থল থেকে নিয়ে এসেছি। এটি সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হবে। ময়ূরটি ভারতের কোনও বনাঞ্চল থেকে উড়ে এসেছে বলে ধারণা করছি।’