আখাউড়ায় দুই বিদ্রোহী মেয়র প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

দল মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী জয়নাল আবেদীন আব্দু ও আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী শেখ বোরহান উদ্দিন। রবিবার দলীয় নেতাকর্মীদের নিয়ে নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তারা। আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বদর-উদ-দোজা বিষয়টি নিশ্চিত করেন।
এর ফলে বর্তমানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাকজিল খলিফা কাজল ও বিএনপি মনোনীত প্রার্থী মন্তাজ মিয়া নির্বাচনের মাঠে রয়েছেন।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, শেখ বোরহান উদ্দিন দুপুর ১২.৩০ মিনিটে তার কার্যালয়ে হাজির হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বিকাল সাড়ে তিনটার দিকে জয়নাল আবেদীন আব্দু মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
একইদিনে তিনজন কাউন্সিলর প্রার্থীও তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ বোরহান উদ্দিন বলেন, ‘দলীয় সভানেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি অবিচল আস্থা ও আমাদের আসনের সংসদ সদস্য আইন মন্ত্রী আনিসুল হকের প্রতি সম্মান রেখে আমি নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছি।’
অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন আব্দু বলেন, দলের স্বার্থে আমি দলের মনোনীত প্রার্থীকে সমর্থন দিতে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।’

/এআর/টিএন/আপ-এসএম