চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আটক ৭

চাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাত জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে চাড়ালডাঙ্গা সীমান্তের মেইন পিলার এবং রিভার পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়। পরে গভীর রাতে গোমস্তাপুর থানা পুলিশের কাছে তাদের সোপর্দ করে বিজিবি।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক।’

আটক ব্যক্তিদের দুজন পুরুষ, দুজন নারী ও তিনজন শিশু। তারা হলেন– নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুমার ডাঙ্গা গ্রামের জাফর শেখের ছেলেন এনতাজ শেখ ও তার স্ত্রী শিউলি বেগম; একই উপজেলার দিঘলিয়া গ্রামের সেরাজুলের ছেলে বেলাল ও তার স্ত্রী বিজলি বেগম এবং তাদের তিন সন্তান আরমান, আবদুল্লাহ, আশিয়া।

এ ঘটনায় বিজিবি চারজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেছে।