মুন্সীগঞ্জে বিএনপির গণসংযোগে হামলা, জেলা সভাপতিসহ আহত ১০

মুন্সীগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী গণসংযোগে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি, পাঁচবারের সাবেক সংসদ সদস্য আবদুল হাই, শহর বিএনপির সভাপতি, বর্তমান মেয়র ও প্রার্থী একেএম ইরাদত মানুসহ ১০ জন আহত হয়েছেন।

রবিবার বেলা ১২টার দিকে শহরের পুরাতন কাচারির  মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আবদুল হাই বলেন, ‘আমরা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে গণসংযোগ করছিলাম। মসজিদ মার্কেট এলাকায় গণসংযোগকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, শহর আওয়ামী লীগ নেতা রায়হানউজ্জামান রাসেল ও শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগরের নেতৃত্বে ২০-২৫ জন দলীয় সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়। ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর শার্টের কলার চেপে ধরে আমাকে মারধর করে। এ সময় দলীয় আরও ৯-১০জনকেও তারা আঘাত করে।’

বিএনপি নেতা আবদুল হাই আরও বলেন, এ বিষয়ে আমরা স্থানীয় নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনকে জানিয়েছি। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে না পারলে আমরা পরে সিদ্ধান্ত নেবো-নির্বাচন করবো কিনা। এ বিষয়ে সিইসি’র কাছে লিখিতভাবে জানাবো।

এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মেয়র প্রার্থী একেএম ইরাদত মানু জানিয়েছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, বিএনপির কয়েকজন নেতাকর্মী নির্বাচনি শুভেচ্ছা বিনিময় করতে গেলে তাদের ওপর হঠাৎ হামলা করা হয়। যদিও কেউ এ ব্যাপারে এখনও লিখিত অভিযোগ করেনি তারপরেও আমরা বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের ধরার চেষ্টা করছি।

/এআর/টিএন/আপ-এনএস/