১৫ মামলার আসামি শিবির ক্যাডার সারওয়ার একদিনের রিমান্ডে

সারওয়ার প্রকাশ বাবলাকাতার থেকে দেশে ফিরে গ্রেফতার শিবির ক্যাডার সারওয়ার প্রকাশ বাবলাকে একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ আদেশ দিয়েছেন। নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

বাংলা ট্রিবিউনকে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘সারওয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার (৯ ফেব্রুয়ারি) বায়েজিদ থানা পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করেন। আজ শুনানি শেষে আদালত তাকে একদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।’    

সরোয়ার নগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন খোন্দকারপাড়ার আবদুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগ প্রায় ১৫টি মামলা রয়েছে। সারওয়ার দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী ছিলেন।  

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কাতার থেকে দেশে ফেরার পর শিবির ক্যাডার সারওয়ার প্রকাশ বাবলাকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে বায়েজিদ থানা পুলিশের একটি টিম তাকে ঢাকা গিয়ে রবিবার রাতে চট্টগ্রাম নিয়ে আসেন।  ওই দিন রাতে জিজ্ঞাসাবাদে সারওয়ার পুলিশকে তার বাড়িতে অস্ত্র থাকার তথ্য দেয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে তার বাড়ি থেকে একটি একে ২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, দুইটি এলজি ও কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন- শিবির ক্যাডারের সহযোগীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার