বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে একটি রাধা ও একটি কৃষ্ণের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার সকালে অভিযান চালিয়ে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে রাধা এবং আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকায় বাস তল্লাশি করে কৃষ্ণের মূর্তি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন যাত্রী কৌশলে লুকিয়ে ভারত থেকে আনা মূল্যবান একটি মূর্তি নিয়ে চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস পার হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এসময় বিজিবি সদস্যরা চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ওই যাত্রীকে ধাওয়া করলে সে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তার ভেতর থেকে ১৫ কেজি ওজনের একটি রাধার মূর্তি পাওয়া যায়।
অন্যদিকে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে একটি বাস তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে পাঁচ কেজি ওজনের পিতলের তৈরি একটি কৃষ্ণের মূর্তি পাওয়া যায়।
বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সুবেদার আইয়ুব আলী সরকার জানান, উদ্ধারকৃত মূর্তি দুটি কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে।
/এআর/টিএন/আপ-এনএস/