ইনু বলেন, ‘দুর্নীতিবাজ-দলবাজদের দুর্নীতির সিন্ডিকেট হচ্ছে অর্থনীতির বিষফোঁড়া এবং ফসলকাটা ইঁদুর। একমাত্র সুশাসন পারে দুর্নীতির অবসান করতে, দলবাজির অবসান করতে এবং দেশটাকে ওপরে তুলতে। তাই আমরা মনে করি অসৎ অফিসার, অসৎ রাজনীতিক, অসৎ ব্যবসায়ী এই তিন সিন্ডিকেটকে ত্রিমুখী অভিযান দিয়ে ধ্বংস করতে। তা সে যে দলেরই জার্সি গায়ে দিক, তাকে কারাগারে পাঠাতে হবে। তারা মন্ত্রী-এমপি যেই হোক, দুর্নীতি করলেই তাকে কারাগারে পাঠাতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাজার সিন্ডিকেট ধ্বংস করে নিত্য পণ্যের বাজার ব্যবস্থাপনা চালু করতে হবে। নদ-নদী-খাল দখলে যেমন কাউকেই ছাড় দেওয়া হয়নি, তেমনি নতুন পর্বে জঙ্গি দমনের মতো দুর্নীতিবাজদের দমন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি শাখাওয়াত রাঙ্গা, কেন্দ্রীয় উপদেষ্ঠা ডা. একরামুল হক স্বপন, জাসদ নেতা ফারুখ আহাম্মেদসহ অন্যান্য নেতাকর্মীরা।