সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় নগরীর জামালখানে রিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে কাজ করতে সংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
শেখ ফজলে সামস পরশ বলেন, ‘আমরা খুব সৎ, যোগ্য একজনকে মেয়র পদে পেয়েছি। তিনি বিএলএফ (বাংলাদেশ লিবারেশন ফোর্স) সদস্য, যার নেতৃত্বে ছিলেন আমার বাবা। তিনি সেখানে ট্রেনিংপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা, একজন দেশপ্রেমিক, একজন সৎ মানুষ। আমরা ভাগ্যবান এরকম একজন সজ্জন প্রার্থীর জন্য আমাদের কাজ করার সুযোগ হয়েছে। আপনারা দয়া করে ইউনিটি বজায় রেখে এই প্রার্থীর জন্য কাজ করবেন।’
তিনি বলেন, ‘মার্চ মাস আমাদের বিজয়ের মাস। এই মাস থেকে মুজিববর্ষের সূচনা হবে। আর এমন একটি মাসেই চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হতে যাচ্ছে। আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন মুক্তিযোদ্ধা। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমাদের দায়িত্ব এই মাসে একজন মুক্তিযোদ্ধাকে সম্মান দেখানো। তার জন্য কাজ করা। তার বিজয় নিশ্চিত করা। রেজাউল করিম চৌধুরী নেত্রীর আস্থাভাজন, পরীক্ষিত লোক। তার জন্য কাজ করার ক্ষেত্রে কারও দ্বিধা থাকার কথা নয়।’
যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।