বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট থেকে ২২ লাখ ৪৬ হাজার ভারতীয় রুপি ও ৩ হাজার আমেরিকান ডলারসহ মোজাম্মেল হোসেন (৫০) নামে একজন ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আটক মোজাম্মেল ফতুল্লা থানার মাজদিয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
সোমবার (২ মার্চ) সন্ধ্যায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
বিজিবি জানায়, বেনাপোল চেকপোস্ট থেকে সৌদিয়া পরিবহনে করে একজন হুন্ডি পাচারকারী ঢাকায় যাবে এমন তথ্য ছিল। ওই বাসটি আমড়াখালি চেকপোস্টে এলে তল্লাশি করে বিজিবি সদস্যরা। এসময় মোজাম্মেল হোসেন নামে একজনকে আটক করা হয়। পরে তার কাছে ভারতীয় ২২ লাখ ৪৬ হাজার রুপি ও ৩ হাজার আমরিকান ডলার পাওয়া যায়।
আমড়াখালি বিজিবি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার শাহীন আলম জানান, আটক আসামির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।