এই কর্মসূচির আওতায় কওমি মাদ্রাসার ছাত্রদের আইটিতে সম্পৃক্তকরণ প্রকল্পের ৯০ দিনব্যাপী ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। শেরপুরের চারটি কওমি মাদ্রাসার ১২০ জন ছাত্র এতে অংশ নিচ্ছেন। আয়োজকদের আশা, এর মধ্য দিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি তথ্য প্রযুক্তিতে সহজেই দক্ষ হতে পারবেন।
বুধবার (৪ মার্চ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ তুলশিমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে’র সভাপতিত্বে ও মিনহাজ উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনার কলি মাহবুব জেলার বিভিন্ন কওমি মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের ঘোষণা দেন। বক্তব্য রাখেন আইসিটি মন্ত্রণালয়ের আইটি প্রোগ্রামার উম্মে মার্জিয়া, শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান ও জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবি এম এহছানুল মামুন, জেলা প্রশাসকের সহকারী কমিশনার সাদিক আল সাফিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষক, ছাত্র, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক ও প্রশিক্ষক মিনহাজ উদ্দীন বলেন, ‘তথ্য ও প্রযুক্তিতে মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক পিছিয়ে রয়েছে। এই প্রকল্পের আওতায় কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তারাও দক্ষ ফ্রিল্যান্সারে পরিণত হয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখবে। এ কম্পিউটার প্রশিক্ষণে শেরপুরের চারটি কওমি মাদ্রাসার ১২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।’
জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, ‘দেশের প্রথম জেলা হিসেবে শেরপুরে কওশি মাদ্রাসার শিক্ষার্থীদের আইটিতে সম্পৃক্তকরণ প্রকল্পে এই কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি তথ্য প্রযুক্তিতে দক্ষ হতে পারবে সহজেই। এছাড়া শিগগিরই শেরপুরের ১০টি কওমি মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।’