ফের রৌমারী সীমা‌ন্ত থেকে বাংলা‌দে‌শি‌ যুবককে নিয়ে গেছে বিএসএফ

২৪ ঘণ্টার ব্যবধানে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে আরও এক বাংলা‌দে‌শি যুবক‌কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দাঁতভাঙা ইউ‌নিয়নের ছাটকড়াইবাড়ি সীমান্ত এলাকার ১০৫৬ আন্তর্জাতিক মেইন পিলারের নিকট থেকে নয়ন মিয়া (২৫) না‌মে বাংলা‌দে‌শি ওই যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বর্ডার গার্ড বাংলা‌দেশ (‌বি‌জি‌বি) জামালপুর-৩৫ ব‌্যা‌টা‌লিয়ন হেড কোয়ার্টার সূত্রে এ তথ‌্য জানা যায়। বিএসএফের হা‌তে আটক নয়ন মিয়া উপ‌জেলার ছাটকড়াইবাড়ি গ্রামের সোলেমান হোসেনের ছেলে ব‌লে জানা গে‌ছে।

স্থানীয়রা জানান, বি‌জি‌বির চোখ ফাঁ‌কি দি‌য়ে চোরাইপ‌থে ভারত থে‌কে গরু আনার সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস‌্যদের হা‌তে ধরা প‌ড়ে নয়ন। এসময় তার সঙ্গীরা পা‌লি‌য়ে যে‌তে সক্ষম হয়।

এর আগে, বৃহস্প‌তিবার (৫ মার্চ) দিবাগত রাতে উপ‌জেলার সদর ইউ‌নিয়নের মোল্লারচর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৬১-এর সাব পিলার-৪ এর কাছে থেকে বাংলা‌দে‌শি গরু ব্যবসায়ী আজাহার আলীকে (৪২) ধরে নিয়ে যায় বিএসএফ। প‌রে আজাহার আলীকে ভারতের মানকাচর থানার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় ব‌লে বি‌জি‌বি সূ‌ত্রে জানা গে‌ছে।

এ বিষয়ে বি‌জি‌বি-৩৫ ব‌্যাটা‌লিয়‌নের সিনিয়র কর্মকর্তা কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে বি‌জি‌বি-৩৫ ব‌্যাটা‌লিয়ন হেড কোয়ার্টার সূত্রে জানা যায়, শ‌নিবার মধ‌্যরাত পর্যন্ত বিএসএফের সঙ্গে যোগা‌যোগ করা সম্ভব হয়‌নি।